মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাসদের পথসভা
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ এবং খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে পথসভা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
‘জুলাই অভ্যুত্থানের চেতনা, দেশ বিক্রি হবে না’ স্লোগানকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ পথসভার আয়োজন করা হয়।
পথসভায় সভাপতিত্ব করেন বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যসচিব কমরেড আবু নাঈম খান বিপ্লব। বক্তব্য দেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বাসদ নারায়ণগঞ্জ জেলা বর্ধিত ফোরামের সদস্য হাসনাত কবির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু সেই চেতনার পরিপন্থী জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন। তাদের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি দেশের শিল্প, কৃষি ও অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই অবিলম্বে এ চুক্তি বাতিল করতে হবে।
তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ দেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের পরিপন্থী। এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তারা।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও এলপিজির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফলে মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছে। তারা এসব মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, শহরে ছিনতাই, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত সংঘর্ষ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।





































