বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন
শোভাযাত্রা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি তথা সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শহরের বঙ্গবন্ধু রোডের জাহান সুপার মার্কেটে অবস্থিত ব্যাংকটির নারায়ণগঞ্জ করপোরেট শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
সকালে ব্যাংকের কার্যালয়ের সামনে থেকে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ লেখা ব্যানার নিয়ে শোভাযাত্রাটি মণ্ডলপাড়া হয়ে ২ নম্বর রেলগেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংকের সামনে এসে শেষ হয়।
পরে ব্যাংকের কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কেক কেটে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের নারায়ণগঞ্জ করপোরেট শাখার চিফ ম্যানেজার আব্দুর রহমান, টানবাজার ও নিতাইগঞ্জ শাখার ব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া করপোরেট শাখার অধীনে পরিচালিত বিভিন্ন উপশাখার কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের আস্থা, অঙ্গীকার, উদ্ভাবন ও সেবার মানোন্নয়নকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে আইএফআইসি ব্যাংক। গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে প্রতিষ্ঠানটির অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শাখা সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে আইএফআইসি ব্যাংকের নারায়ণগঞ্জ করপোরেট শাখার কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দিয়ে আসছে শাখাটি।
বর্তমানে নারায়ণগঞ্জ করপোরেট শাখায় প্রায় ১৫ হাজার গ্রাহক রয়েছেন। শাখাটির আমানতের পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা এবং ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা। স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ভূমিকা রেখে চলেছে শাখাটি।





































