কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ সদস্যসহ গ্রেপ্তার ১০৯ জন
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত সদস্যসহ ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী, ডাকাত ও বিভিন্ন মামলার আসামি রয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫৯ জন মাদকসেবী, ছয়জন মাদক ব্যবসায়ী, তিনজন কিশোর গ্যাংয়ের সদস্য, একজন ছিনতাইকারী, দুজন ডাকাত, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২২ জন, নিয়মিত মামলার চারজন আসামি, অন্যান্য আইনে পাঁচজন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাত সদস্য রয়েছেন।
থানাভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন মাদকসেবী, তিনজন মাদক ব্যবসায়ী, তিনজন পরোয়ানাভুক্ত আসামি এবং একজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য। এ সময় ৯৫টি ইয়াবা বড়ি ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন মাদকসেবী, তিনজন কিশোর গ্যাংয়ের সদস্য, আটজন পরোয়ানাভুক্ত আসামি এবং দুজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী, ছয়জন পরোয়ানাভুক্ত আসামি, দুজন নিয়মিত মামলার আসামি এবং দুজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য। অভিযানে ২৫৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বন্দর থানার অভিযানে আটজন মাদকসেবী, একজন পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য আইনে পাঁচজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁও থানায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন মাদকসেবী, তিনজন পরোয়ানাভুক্ত আসামি এবং একজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য।
রূপগঞ্জ থানায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন মাদকসেবী, একজন মাদক ব্যবসায়ী, একজন নিয়মিত মামলার আসামি এবং একজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য। এ সময় ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ ছাড়া আড়াইহাজার থানায় ডাকাতির অভিযোগে দুজন, নিয়মিত মামলায় একজন এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানে মোট ৮৫৩টি ইয়াবা বড়ি ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।





































