অরাজকতা থেকে নারায়ণগঞ্জ চেম্বার ঐতিহ্য রক্ষা করেছে: সোহেল
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশের ব্যবসায়িক খাতে অরাজক পরিস্থিতির মধ্যেও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঐতিহ্য রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।
তিনি বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সমগ্র দেশের ব্যবসায়িক সেক্টরে যখন একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, অনেক চেম্বারে প্রশাসক নিয়োগ করতে হয়েছিল, ঠিক তখন বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় অরাজকতা থেকে মুক্ত হয়ে নারায়ণগঞ্জের ঐতিহ্য রক্ষা করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পরবর্তীতে সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে বর্তমান পর্ষদ দায়িত্ব গ্রহণ করে।”
শনিবার (৮ আগস্ট) বেলা ১২টায় শহরের চেম্বার ভবনে নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মোরশেদ সারোয়ার সোহেল বলেন, “আমরা কেবল ব্যবসায়ীদের স্বার্থেই নয়, নারায়ণগঞ্জ শহর ও জেলার জনগণের সার্বিক দুর্ভোগ লাঘব ও সুষম উন্নয়নের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”
চেম্বারের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, “কাস্টমস, ভ্যাট ও ব্যাংক সুদের হার নিয়ে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে নিয়মিত সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও শহরের যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে অর্থায়ন ও ভলান্টিয়ার দিয়ে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া ব্যবসায়ীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক শীর্ষস্থানীয় হাসপাতালের সঙ্গে ছাড় সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের জেলাভিত্তিক ৪২টি সংগঠন এবং ১১টি জাতীয় পর্যায়ের বাণিজ্য সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে আমরা কাজ পরিচালনা করছি। গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ, চাষাঢ়ার বিকল্প হিসেবে লিংক রোড চালুর উদ্যোগ এবং নারায়ণগঞ্জকে রাজউক থেকে আলাদা করে নিজস্ব উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে চেম্বার মুখ্য ভূমিকা পালন করেছে।”
মেট্রোরেল সংযোগ ও ঐতিহাসিক লাঙ্গলবন্দের উন্নয়নেও চেম্বারের সভাপতির উদ্যোগে কাজ হয়েছে উল্লেখ করে সোহেল বলেন, “ব্যবসায়ী সংগঠন হিসেবে দলমত নির্বিশেষে সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে নারায়ণগঞ্জকে একটি সমৃদ্ধ ব্যবসায়িক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনুসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।





































