রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে ‘কথন’র শ্রদ্ধাঞ্জলি ও পাঠচক্র
রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রদ্ধাঞ্জলি ও পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ‘কথন’ সংগঠনের উদ্যোগে কবি নজরুল পাঠাগারে এ আয়োজন করা হয়।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর ছোটগল্প *‘দেনাপাওনা’* নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়।
সাদিয়া সুলতানা জুথির সঞ্চালনায় পাঠচক্রে বক্তব্য দেন কথনের উপদেষ্টা সাদেকুল ইসলাম সাদিক। সভাপতিত্ব করেন কথনের সভাপতি দীপা নাগ তন্দ্রা।
সাদেকুল ইসলাম সাদিক বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে উঁচু মানের ছিলেন। সেই উঁচু মান হচ্ছে মানুষকে কেন্দ্রে রাখা। কবিগুরু সেই কাজটি অত্যন্ত যত্নের সঙ্গে করেছেন। সারাবিশ্বে যখন যুদ্ধের উন্মাদনা, রবীন্দ্রনাথ ঠাকুর তখন মানুষের কষ্টে ব্যথিত হয়েছেন। সাহিত্যের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে সেই ব্যথাকে মানুষের মনে পৌঁছে দিয়েছেন।”
সভাপতির বক্তব্যে দীপা নাগ তন্দ্রা বলেন, “আমরা প্রত্যেক বড় মানুষকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। কারণ আমরা মানুষকে নিয়ে সেই বড় মানুষদের বুকের ব্যথাটা ধারণ করতে চাই। মানুষের কষ্ট, দুর্দশা আমাদের যদি ব্যথিত না করে, তাহলে সামাজিক দায়বদ্ধতাও পরিপূর্ণভাবে জাগ্রত হবে না এবং সেই মানুষকে প্রকৃত অর্থে স্মরণ করা হবে না। কথন সামনের দিনে এ কাজ আরও জোরালোভাবে করবে।”
আয়োজনের শেষপর্বে কথনের সদস্যদের প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা, রবীন্দ্রসংগীত পরিবেশন ও রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করা হয়।





































