স্বপ্নের নারায়ণগঞ্জ গড়তে সম্মিলিতভাবে কাজের আহ্বান আশার
সম্মিলিতভাবে স্বপ্নের নারায়ণগঞ্জকে সুন্দরভাবে সাজাতে সংসদ সদস্য, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা।
শনিবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংসদ সদস্যদের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
আবুল কাউসার আশা বলেন, “একজন নারায়ণগঞ্জের সাধারণ নাগরিক হিসেবে তাদের কাছে কৃতজ্ঞ। আশা করব, সামনে যত দিনগুলো আছে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের এই স্বপ্নের নারায়ণগঞ্জকে সুন্দরভাবে সাজাতে পারি, একসঙ্গে মিলে কাজ করতে পারি। সেই ক্ষেত্রে যে অবদান আপনারা বিগত সময়ে রেখেছেন, ইনশাআল্লাহ সামনের সময়েও আপনারা রাখবেন।”
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “রাজনীতিতে যে একটা বাজে কালচার চলে আসছে, একজন আরেকজনকে অপদস্থ করার যে বাজে ভাষা, একজন আরেকজনের ব্যাপারে কথা বলা—নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে, সুন্দর রাখার স্বার্থে আপনারা যেহেতু নারায়ণগঞ্জের জনগণের ম্যান্ডেট পেয়ে গেছেন, আমি আশা করব অন্তত জনপ্রতিনিধিরা এই জায়গা থেকে বিরত থেকে সুন্দর নারায়ণগঞ্জ গড়তে সবাই মিলে কাজ করতে পারি।”
তিনি আরও বলেন, “আপনারা এক টেবিলে না বসলে আমাদের অনেক সমস্যা আমাদের সমস্যাই থেকে যাবে। সেক্ষেত্রে আমরা সবাই সবার প্রতি যেন এতটুকু সম্মান রেখে চলি, যাতে আমরা এক টেবিলে বসতে লজ্জাবোধ না করি।”
মতবিনিময় সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
সভায় সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও আহমেদুর রহমান তনুসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।





































