০৯ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৬, ৮ আগস্ট ২০২৬

জমি বিক্রি না করায় দম্পতিকে হুমকি, দেয়াল ভাঙচুরের অভিযোগ

জমি বিক্রি না করায় দম্পতিকে হুমকি, দেয়াল ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় এক দম্পতিকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি জমিতে অনধিকার প্রবেশ করে ইটের দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (৮ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়ায় কাদির ফকিরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মুক্তার হোসেন (৩৮) বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন নাসিক ২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. পলাশ (৪২), মো. ফারুক (৫০), মো. গিয়াস উদ্দিন (৬৫), রনি (৪৫) ও মো. রকি। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে অভিযোগে আসামি করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজমিজি দক্ষিণপাড়ায় কাদির ফকিরের বাড়ি সংলগ্ন ৩ শতাংশ ৯০ পয়েন্ট জমির মালিক মুক্তার হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার মুক্তা। অভিযোগে বলা হয়েছে, ক্রয়সূত্রে ওই জমির মালিক হয়ে সরকারি খাজনা পরিশোধসহ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন তিনি।

মুক্তার হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তার স্ত্রীর কাছ থেকে ওই জমি কিনতে আগ্রহ প্রকাশ করলেও তারা জমি বিক্রি করতে রাজি হননি। এরপর থেকেই অভিযুক্তরা বিভিন্ন সময় তাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। একপর্যায়ে জমিটি জোরপূর্বক দখলেরও হুমকি দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, শনিবার অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, লোহার রড, শাবল, ছুরি ও চাপাতি নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। পরে জমির পূর্ব, দক্ষিণ ও পশ্চিম পাশের ইটের দেয়াল ভাঙচুর করেন। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

হামলা ও ভাঙচুরের সময় মুক্তার হোসেনের আত্মীয় আলী হোসেন (৩৭) স্থানীয় লোকজন নিয়ে অভিযুক্তদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধরের চেষ্টা ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা চলে যাওয়ার সময় মুক্তার হোসেন ও তার স্ত্রীকে হত্যার পর লাশ গুম করার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সালেকুজ্জামান বলেন, “হামলা ও জমির দেয়াল ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়