নারায়ণগঞ্জের রাজনৈতিক সম্প্রীতি অন্য জেলায় বিরল: ডিসি
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নামে রাস্তার নামকরণ, জুলাই স্মৃতিস্তম্ভসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং শহীদদের কবর সংরক্ষণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরীর শায়েস্তা খান সড়কের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের জন্য সরকার তার সামর্থ্য অনুযায়ী কাজ করছে। বর্তমানে জুলাই অধিদপ্তরও বিষয়গুলো নিয়ে কাজ করছে। শহীদদের নামে রাস্তা, বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং কবর সংরক্ষণের বিষয়ে দাবি এসেছে। আমরা এসব বিষয়ে কাজ করছি। ছোটখাটো যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধান করে কাজ সম্পন্ন করা হবে।”
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। নারীদের জন্য সেলাই মেশিন প্রদানসহ বিভিন্ন আয়বর্ধক উদ্যোগও নেওয়া হয়েছে। “যাদের আত্মত্যাগের মাধ্যমে এ অর্জন এসেছে, তাদের সম্মান জানিয়ে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে চাই,” যোগ করেন তিনি।
রাজনৈতিক সম্প্রীতির প্রসঙ্গ তুলে ডিসি রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জ ঐতিহ্যগতভাবে সম্প্রীতির জেলা। রাজনৈতিক সম্প্রীতির যে সংস্কৃতি এখানে রয়েছে, তা দেশের অন্য জেলায় বিরল। অন্য জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনায় আমি গর্বের সঙ্গে নারায়ণগঞ্জের উদাহরণ তুলে ধরি। মতপার্থক্য ও আলোচনা-সমালোচনা থাকতেই পারে, তবে জুলাই আন্দোলনের সময় যেভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলেন, ভবিষ্যতেও সেই ঐক্য বজায় থাকবে বলে আশা করি।”
জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, স্থানীয় সরকারের উপপরিচালক নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার, সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমদ, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী তারিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।





































