০৯ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৬, ৮ আগস্ট ২০২৬

দলমত নয়, নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি আল আমিন

দলমত নয়, নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বলেছেন, “পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যখন দেশে কোনো জনপ্রতিনিধি ছিল না এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি কার্যকর ছিল না, তখন নারায়ণগঞ্জের অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামলে নিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ী সমাজ। রাজনৈতিক মতপার্থক্য আমাদের থাকতেই পারে, কিন্তু নারায়ণগঞ্জ শহরকে সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ ও বাসযোগ্য করে তোলার প্রশ্নে আমাদের কোনো বিভেদ নেই। এই ঐক্যের ভিত্তিতেই আমরা নারায়ণগঞ্জকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব।”

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় শহরের চেম্বার ভবনে নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার বিষয়টি উল্লেখ করে আবদুল্লাহ আল আমিন বলেন, “নারায়ণগঞ্জ অত্যন্ত জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়া সত্ত্বেও এখনো এটি ক্যাটাগরি-১ শ্রেণির জেলার মর্যাদা পায়নি। গাজীপুরের মতো নারায়ণগঞ্জেও ‘মেট্রোপলিটন পুলিশ’ সার্ভিস চালু করা এবং ঢাকা মেট্রোরেল সংযোগ নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা জরুরি।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি বছরের পর বছর ধরে জলাবদ্ধ ও অবহেলায় পড়ে রয়েছে। এই ঐতিহ্য ফিরিয়ে আনতে চেম্বার ও বিসিবির পরিচালকদের সঙ্গে নিয়ে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে সুসম্পর্কের সুফল জেলাবাসী পাবেন উল্লেখ করে তিনি বলেন, “আমাদের মধ্যে অত্যন্ত চমৎকার একটি ওয়ার্কিং রিলেশন তৈরি হয়েছে। যেমন সিনিয়র সংসদ সদস্য আবুল কালামের কাছ থেকে আমি সংসদীয় অভিজ্ঞতা শিখি, আবার নারায়ণগঞ্জের কাজের প্রয়োজনে সরকারি দলের সংসদ সদস্য দিপু ভাইয়ের সহযোগিতায় বিভিন্ন মন্ত্রণালয়ে একযোগে তদারকি করি।”

তিনি বলেন, “এই দলমত নির্বিশেষের সুন্দর সম্পর্কটাই আগামী দিনের শান্তিময় ও বৈষম্যহীন নতুন নারায়ণগঞ্জের মূল শক্তি হবে।”

মতবিনিময় সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও আহমেদুর রহমান তনুসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়