০৯ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০২, ৮ আগস্ট ২০২৬

আপডেট: ২২:০৬, ৮ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি তুলুন সংসদে: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি তুলুন সংসদে: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় সংসদে জেলার জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্বের দাবি তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।

শনিবার (৮ আগস্ট) দুপুরে শহরের চেম্বার ভবনে নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “স্বাধীনতার পর থেকে জাতীয় অর্থনীতিতে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসলেও আমরা প্রাপ্য সুফল থেকে বঞ্চিত। গাজীপুর বিশেষ ক্যাটাগরির জেলার স্বীকৃতি পেলেও বাণিজ্যিক নগরী হয়েও নারায়ণগঞ্জ সেই সুযোগ পাচ্ছে না।”

তিনি বলেন, “নারায়ণগঞ্জকে প্রাপ্য মর্যাদা এনে দিতে জেলার নির্বাচিত সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই মঞ্চ থেকে আহ্বান জানাই—আপনারা পাঁচজন সংসদ সদস্য এক হয়ে জাতীয় সংসদে নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্বের দাবি তুলুন। ব্যবসায়ী সমাজ এ উদ্যোগে আপনাদের পাশে থাকবে।”

রাজনৈতিক ও আঞ্চলিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বর্তমান সংসদ সদস্যরা নিজ নিজ আসনের উন্নয়নে আন্তরিক। তাদের উচিত সংসদে জোরালোভাবে নারায়ণগঞ্জের উন্নয়নের বিষয়টি তুলে ধরা।”

মাসুদুজ্জামান আরও বলেন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনকে উচ্চতর ক্যাটাগরিতে উন্নীত করা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জনদুর্ভোগ নিরসনে চেম্বারসহ ব্যবসায়ী সমাজ সংসদ সদস্যদের সব ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করবে।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, অবকাঠামোগত চ্যালেঞ্জ ও জেলার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনুসহ ব্যবসায়ী নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়