রথযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে নেতা-কর্মীদের নির্দেশ মামুন মাহমুদের
আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জেলা পরিষদের হলরুমে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মামুন মাহমুদ বলেন, রথযাত্রাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া যাবে না। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় এ উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, “যেসব মন্দির থেকে রথযাত্রা বের হবে, সেখানে আমাদের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। শুধু রথযাত্রা নয়, উল্টো রথযাত্রার সময়ও একইভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
সভায় তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি মহল অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাই যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যোগ করেন, দলকে শক্তিশালী করতে যোগ্য নেতৃত্ব তৈরি ও মূল্যায়নের বিকল্প নেই। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক ওসমান প্রমুখ।





































