১৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:১৩, ১৫ জুলাই ২০২৬

আপডেট: ১৪:৩৩, ১৫ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শহরে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শহরে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জ শহরে মিছিল করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বেলা দেড়টার দিকে তারা শহরের চাষাঢ়া থেকে মিছিল বের করেন।

এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এদিন, সকাল দশটা থেকে একটা পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র পরীক্ষা চলে।

একটার পর থেকেই চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। তারা ইউনিফর্ম পরা অবস্থাতে হাতে পরীক্ষা সরঞ্জাম নিয়েই মিছিলে অংশ নেন। বক্তব্য রাখেন হ্যান্ডমাইকে।

অন্যদিকে সকাল থেকেই শহরে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আন্দোলনে থাকা পরীক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তাদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করে ‘গর্হিত’ কাজ করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে তাকে আর দেখতে চান না বলেও জানান পরীক্ষার্থীরা।

এ সময় শিক্ষামন্ত্রীকে ‘স্ট্যান্টবাজ’ বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা শিক্ষা-ব্যবস্থায় আমূল পরিবর্তন চান বলৌ জানান।

সরকারি তোলারাম কলেজের পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির আল রাজ বলেন, “আমাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন না। আমরা চাই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। আপনি আমাদের ফার্মের মুরগি বলেছেন। এই ফার্মের মুরগিরা ওসমানদের বিরুদ্ধে লড়াই জারি না রাখলে আপনারা শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে পারতেন না। শিক্ষার্থীদের তাচ্ছিল্য করেছেন শিক্ষামন্ত্রী। এই ধরনের শিক্ষামন্ত্রী আমরা চাই না।” 

পরীক্ষার্থীদের মিছিলটি শহরের চাষাঢ়া থেকে শুরু হয়ে দুই নম্বর রেলগেট পর্যন্ত গিয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে আবার চাষাঢ়ায় এসে শেষ হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) শামীম হোসাইন বলেন, “শিক্ষার্থীরা পরীক্ষা শেষে সড়কে নেমে আসে। আমরা তাদের বুঝিয়ে কথা বললে তারা সড়ক ছেড়ে মিছিল করে চলে যান। পরিস্থিতি অনুযায়ী আমরা সতর্ক অবস্থানে আছি।”

সর্বশেষ

জনপ্রিয়