সদরের প্রাথমিক স্কুলে ৫০০ গাছের চারা, দুই বিদ্যালয়ে ইন্টারেক্টিভ বোর্ড
পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ জুলাই) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের উদ্যোগে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষা কার্যক্রমকে আধুনিক ও যুগোপযোগী করতে কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড হস্তান্তর করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে গাছ রোপণ করে শিক্ষার্থীদের মাধ্যমে সেগুলোর পরিচর্যার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে শ্রেণিকক্ষগুলো স্মার্ট ক্লাসরুমে রূপান্তরিত হলে পাঠদান আরও আকর্ষণীয় ও ফলপ্রসূ হবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষকরা জানান, ইন্টারেক্টিভ বোর্ড পাওয়ায় শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া পাঠদান সহজ হবে এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ আরও বাড়বে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্মার্ট ক্লাসরুমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।





































