১৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৪৬, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ১৪:৫১, ১৪ জুলাই ২০২৬

বন্যা-জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

বন্যা-জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় দুর্যোগের কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এই দাবি শুধু চট্টগ্রাম বা কোনো একটি অঞ্চলের নয়, বরং দেশের সব এইচএসসি পরীক্ষার্থীর স্বার্থে উত্থাপন করা হয়েছে। চলমান বন্যা, জলাবদ্ধতা ও যোগাযোগ সংকটের কারণে অনেক জেলার শিক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সাম্প্রতিক বৃষ্টি ও জলাবদ্ধতায় পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে অনেকেই চরম ভোগান্তির শিকার হয়েছেন।

নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, “শিক্ষার্থীদের সার্বিক ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে না। জলাবদ্ধতার কারণে অনেকেই পরীক্ষাকেন্দ্রে যেতে পারছে না। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করা হলে আমরা পরীক্ষার পর ব্লকেড কর্মসূচি দিতে বাধ্য হব।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের স্কুলবিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী বলেন, “গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকেই ভিজে ও হাঁটুসমান পানি পেরিয়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছে। এতে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ অবস্থায় পরীক্ষা নেওয়া যৌক্তিক নয়। পরীক্ষার রুটিন পুনর্নির্ধারণ করতে হবে।”

তিনি আরও বলেন, “গতকাল প্রায় ১১ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে। দেশের সব বিভাগে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা উচিত। আজ আমরা সাতটি বিভাগে একযোগে কর্মসূচি পালন করছি। এরপরও ব্যবস্থা না নিলে আগামীকাল ব্লকেড কর্মসূচি দেওয়া হবে।”

সমাবেশ শেষে শিক্ষার্থীরা বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ সৃষ্টি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িক স্থগিতের দাবিতে সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়