শব্দদূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা, জব্দ ৫ হর্ন
নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৫টি যানবাহনের বিরুদ্ধে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় শব্দদূষণকারী ৫টি হর্নও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী ৫টি যানবাহনের বিরুদ্ধে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৫টি হর্ন জব্দ করা হয়েছে।
এ সময় পরিবেশ অধিদপ্তর জানায়, নারায়ণগঞ্জে শব্দদূষণসহ পরিবেশদূষণকারী ব্যক্তি, যানবাহন ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





































