২৬ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৯, ২৬ জুন ২০২৬

আপডেট: ১৭:০০, ২৬ জুন ২০২৬

সংগঠনের সাবেক নেতার মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার দাবিতে ছাত্র জমিয়তের বিক্ষোভ

সংগঠনের সাবেক নেতার মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার দাবিতে ছাত্র জমিয়তের বিক্ষোভ

সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সংঘটিত গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টা মামলায় ছাত্র জমিয়তের সাবেক নেতা ও শাহরপাড়া মাদ্রাসা ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ সৈয়দ নাঈম আহমেদের মৃত্যুদণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চলা বিচার প্রক্রিয়ার পর মামলার একাধিক প্রভাবশালী আসামি খালাস পেলেও হাফেজ সৈয়দ নাঈম আহমেদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার পরিবার ও আইনজীবীদের দাবি, তার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ সাক্ষী বা সুস্পষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বক্তারা আরও বলেন, বিচার ব্যবস্থা নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হওয়া প্রয়োজন। কোনো ব্যক্তি যেন রাজনৈতিক বা অন্য কোনো কারণে বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও বিচার বিভাগের দায়িত্ব।

তারা হাফেজ সৈয়দ নাঈম আহমেদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনা এবং উচ্চ আদালতে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহফুজ, ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবুল হাসানাত মেহরাব, মহানগর শাখার সভাপতি মিরাজ বিন হারুন, ফতুল্লা থানা শাখার নির্বাহী সদস্য আজিম উসমান, আনাছ প্রধানসহ ফতুল্লা থানা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়