১৪ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৬, ১৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জে ঘুরে গেলেন নায়িকা নাজিফা তুষি ও ‘রইদ’-এর টিম

নারায়ণগঞ্জে ঘুরে গেলেন নায়িকা নাজিফা তুষি ও ‘রইদ’-এর টিম

সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘রইদ’-এর প্রচারণায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন অভিনেত্রী নাজিফা তুষি, অভিনেতা আহসাবুল ইয়ামিন ও পরিচালক মেজবাউর রহমান সুমন।

রোববার (১৪ জুন) বিকেলে শহরের একমাত্র মিনিপ্লেক্স ‘সিনেস্কোপ’ এ আসেন তারা। ওই সময় সিনেমা হলটিতে ‘রইদ’-এর প্রদর্শনী চলছিল।

সিনেমা শেষে তারা দর্শকদের সঙ্গে কথা বলেন। দর্শকদের অনেকে তাদের সঙ্গে ছবি তোলেন এবং সিনেমাটি দেখার অভিজ্ঞতা বিনিময় করেন।

তারা শীতলক্ষ্যা নদীর পাড়সহ শহরের কয়েকটি স্থানেও ঘুরে দেখেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী নাজিফা তুষি। তিনি কথায় কথায় ঘন ঘন লোডশেডিং-এর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

তুষি বলেন, “নারায়ণগঞ্জের পরিবেশ ভালো, বিশেষ করে আজকের আবহাওয়াটাও দারুণ ছিল। তবে এখানে কারেন্ট অনেক বেশি যায়! আজ হলে আসার পর ২-৩ বার কারেন্ট চলে গেছে।”

হলের দর্শকদের বিষয়ে তিনি বলেন, “সবচেয়ে বড় বিষয় হলো, আজ হলের ভেতরে নারী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিনেমা হলে মেয়েদের এমন বড় অংশ দেখাটা সত্যিই খুব ভালো লেগেছে।”

সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে বেশি কথা বলেননি তিনি। এ অভিনেত্রী বলেন, “এই চলচ্চিত্রটি নিয়ে এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে আমি অনেক কথা বলেছি। তাই একই কথার পুনরাবৃত্তি আর করতে চাচ্ছি না।”

এদিকে প্রদর্শনী শেষে চলচ্চিত্রটির নির্মাণ ও দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে নির্মাতা মেজবাউর রহমান সুমনের সাথে কথা বলতে চাওয়া হলে তিনি গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎকার দিতে চাননি।

সাক্ষাৎকার পর্ব শেষে ‘রইদ’ টিম এবং সিনেস্কোপ কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষী মিলে একটি শুভেচ্ছা কেক কাটেন। কেক কাটা শেষে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে ঢাকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ত্যাগ করেন ছবির কলাকুশলীরা।

সর্বশেষ

জনপ্রিয়