সোনারগাঁয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে আলোচনা সভা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পঙ্খীরাজ নদীসহ অন্যান্য নদী-খাল রক্ষা এবং জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উপদেষ্টা মতিউর রহমান, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, লেখক মোয়াজ্জেনুল হক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য ও কামরুল ইসলাম পাপ্পুসহ অন্যরা।
বক্তারা বলেন, একসময় সোনারগাঁয়ে শতাধিক খাল ছিল। কয়েক দশকে এসব খালের অধিকাংশই অবৈধ দখল ও ভরাটের শিকার হয়েছে। এছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দূষিত বর্জ্য খালে ফেলায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। খালগুলোর স্বাভাবিক প্রবাহ নষ্ট হওয়ায় সামান্য বৃষ্টিতেই সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং স্থানীয় মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।
তারা বলেন, সোনারগাঁয়ের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ পঙ্খীরাজ নদী ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো পুনরুদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সোনারগাঁকে ঘিরে থাকা মেঘনা, শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীর মধ্যে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র ইতোমধ্যে দখল ও দূষণের কারণে বিপর্যস্ত। মেঘনার প্রবাহ এখনো তুলনামূলক স্বাভাবিক থাকলেও এটিও দূষণের ঝুঁকিতে রয়েছে।
সভা থেকে দ্রুত সোনারগাঁয়ের নদী ও খাল খনন, অবৈধ দখলমুক্তকরণ এবং পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।





































