বৃষ্টিতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে রূপগঞ্জে শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় পুকুরের পানিতে ডুবে আফসানা (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আফসানা ওই এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে।
শিশুটির বাবা সিদ্দিকুর রহমান জানান, দুপুরে বৃষ্টিতে গোসল করার কথা বলে আফসানা বাসা থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাসার পাশের একটি পুকুরে তাকে ডুবে থাকতে দেখে স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ পুলিশ কর্মকর্তা রঞ্জু আহমেদ জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





































