সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচানি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় হামিদ গ্রুপ ও রাসেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ জুন) রাতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার সকালে রাসেল গ্রুপের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামিদ গ্রুপের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে হামিদ গ্রুপের লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় কয়েকটি টিনশেড বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। বেলা ১১টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলাকালে অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





































