১৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৪, ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে তিন দিনে তিন খুন, গ্রেপ্তার ৪

বন্দরে তিন দিনে তিন খুন, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের বন্দরে তিন দিনের ব্যবধানে পৃথক ঘটনায় দুই নারীসহ তিনজন খুন হয়েছেন। এসব হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন গৃহবধূ সুফিয়া আক্তার নিশি (২৪), বৃদ্ধা মাকসুদা বেগম (৭২) ও রাসেল (৩৬) নামে এক ব্যক্তি।

সর্বশেষ মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে বন্দরের তিনগাঁ উত্তরপাড়া এলাকায় বাবার বাড়িতে গৃহবধূ সুফিয়া আক্তার নিশিকে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে তাঁর স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরের (২৮) বিরুদ্ধে। সকালে ঘটনাস্থল থেকে নিশির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত নিশি ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, স্বামীর পরকীয়ার অভিযোগ নিয়ে নিশির সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার আগের রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে ভোররাতে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

এর আগে সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বন্দরের মাহমুদপুর এলাকায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মাকসুদা বেগম (৭২) নামে এক নারী নিহত হন। তিনি ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাকসুদার ছেলে জজ মিয়ার সঙ্গে স্থানীয় সাদ্দামের ব্যবসার প্রায় ১০ লাখ টাকা পাওনা নিয়ে বিরোধ চলছিল। সোমবার রাতে পাওনা টাকা চাইতে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারামারি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মাকসুদা। পরে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে শনিবার (১০ অক্টোবর) রাতে বন্দরের দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ উচ্চবিদ্যালয়ের পেছনের নির্জন স্থান থেকে রাসেল (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

নিহত রাসেল ওই এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ঘটনার কিছুদিন আগে দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

এ হত্যাকাণ্ডের ঘটনায় দক্ষিণ ঘারমোড়া এলাকার সাব্বির (২২) ও শাওন (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তিনটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রাসেল হত্যায় সাব্বির ও শাওন, মাকসুদা বেগম হত্যায় সাদ্দাম এবং নিশি হত্যায় তাঁর স্বামী মনির রয়েছেন।

পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে।

সর্বশেষ

জনপ্রিয়