ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ ‘কোবরা বাহিনী’র ৩ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় চার কেজি গাঁজাসহ কথিত ‘কোবরা বাহিনী’র তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতুল্লার রামারবাগ এলাকার মৃত চাঁন মিয়া গাজীর ছেলে উজ্জ্বল গাজী (২৮), পটুয়াখালীর সারিকখালী এলাকার মৃত কাসেম আঁকনের ছেলে রাসেল আঁকন (৪০) ও ফতুল্লার রামারবাগ এলাকার মো. রিপনের ছেলে সানি (২৭)।
তাঁদের মধ্যে রাসেল আঁকন বর্তমানে ফতুল্লার কাঠেরপুল এলাকায় মেট্রো গার্মেন্টসসংলগ্ন হাজী হাসেমের বাড়িতে ভাড়া থাকেন। অপর দুজন রামারবাগ এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, এসআই মিজানুর রহমান ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কোবরা বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় ডিবির এসআই মিজানুর রহমান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মঙ্গলবার দায়ের করা মামলাটির নম্বর ৩৫।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।





































