পানির সংকটে দেড় শতাধিক পরিবারের পাশে স্বপন আহমেদ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডে পানির পাম্প বিকল হয়ে তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চৌধুরী বাড়ি বৌ-বাজার এলাকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে নিজের বাড়ির সাবমারসিবল পাম্প থেকে গত এক সপ্তাহ ধরে দেড় শতাধিক পরিবারকে বিনামূল্যে পানি সরবরাহ করছেন তাঁতখানা বাইতুল আমান কেন্দ্রীয় মসজিদের সভাপতি স্বপন আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, পানির পাম্প বিকল হওয়ায় চৌধুরী বাড়ি বৌ-বাজার এলাকায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে রান্না, গোসলসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে বিপাকে পড়েছেন বাসিন্দারা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের পানির সংকট কিছুটা লাঘব করতে নিজের বাড়ির সাবমারসিবল পাম্প থেকে বিনামূল্যে পানি নেওয়ার ব্যবস্থা করেছেন স্বপন আহমেদ।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই নারী-পুরুষ ও শিশুরা কলসি, বালতি, জারসহ বিভিন্ন পাত্র নিয়ে তাঁর বাড়ির সামনে ভিড় করছেন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রয়োজন অনুযায়ী পানি সংগ্রহ করছেন তাঁরা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে পানি নিতে আসা মানুষের সংখ্যাও বাড়ছে।
স্বপন আহমেদ বলেন, ‘পানির পাম্প বিকল হওয়ায় এলাকার মানুষ অনেক কষ্টে আছেন। তাঁদের দুর্ভোগ কিছুটা কমানোর জন্য নিজের বাড়ির পাম্প থেকে পানি দেওয়ার ব্যবস্থা করেছি। প্রতিবেশীরা আমার স্বজনের মতো। তাঁদের পাশে দাঁড়ানোকে আমি নিজের দায়িত্ব মনে করি।’
তিনি আরও বলেন, ‘পাম্পটি মেরামত না হওয়া পর্যন্ত দিন-রাত বিনামূল্যে পানি সরবরাহের ব্যবস্থা চালু থাকবে।’
পানি নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, পানির সংকটের কারণে তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। স্বপন আহমেদের উদ্যোগে জরুরি প্রয়োজনের পানি সংগ্রহ করতে পারায় দুর্ভোগ অনেকটাই কমেছে।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, ‘স্বপন ভাই পানির ব্যবস্থা করায় আমাদের অনেক উপকার হয়েছে। পাম্প ঠিক না হওয়া পর্যন্ত এই সহযোগিতা আমাদের জন্য খুবই প্রয়োজন।’
এদিকে পানির সংকটের স্থায়ী সমাধানে বিকল পাম্পটি দ্রুত মেরামত করে স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।





































