০৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩০, ৮ অক্টোবর ২০২৬

সনাতন ধর্মাবলম্বীরা আমার পরিবারের মতো: এমপি মান্নান

সনাতন ধর্মাবলম্বীরা আমার পরিবারের মতো: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা আমার পরিবারের মতো। এবারের শারদীয় দুর্গাপূজায় তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। এ দেশ আমার, আপনার ধর্ম-বর্ণনির্বিশেষে সবার। বিএনপি অতীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, এখনো আছে।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মান্নান বলেন, ‘আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা, ধর্ম যার যার, উৎসব সবার। সমাজে কিংবা ধর্মীয় উৎসবে কোনো বৈষম্যের স্থান নেই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শারদীয় দুর্গাপূজার আনন্দ উপভোগ করব।’

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে সহযোগিতা করতে হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়াসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।

সভায় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলার ৩৮টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়