১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের পরদিন ডোবা থেকে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নিখোঁজের পরদিন ডোবা থেকে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নিখোঁজের একদিন পর মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসা করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরে ‘জালালাবাদ ঔষধ কোম্পানি’র পেছনে একটি ভাঙারি গোডাউনের পাশের ডোবায় একটি বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তার মুখ খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘প্রকৃত ঘটনা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।’

সর্বশেষ

জনপ্রিয়