বিজয়া দশমীতে শহীদ রিয়া গোপের পরিবারের পাশে খোরশেদ
দুর্গাপূজার বিজয়া দশমীতে শহীদ শিশু রিয়া গোপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রিয়ার বাসায় গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তাঁদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ‘পূজার সাজে রিয়া’ শিরোনামে রিয়ার একটি ফটো ফ্রেম ও কিছু উপহার তুলে দেন।
খোরশেদ বলেন, “আজ আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। চারদিকে যখন উৎসবের আমেজ, তখন আপনাদের ঘরে বিসর্জনের বিষাদ। রিয়ার আত্মবিসর্জনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। রিয়া ও আপনাদের এই ত্যাগ আমরা কখনো ভুলব না। রিয়া আমাদের মাঝে জাগ্রত থাকবে, আর তাঁর আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।”
তিনি আরও বলেন, রিয়া গোপ তৎকালীন আওয়ামী লীগ সরকারের বর্বরতার নির্মম সাক্ষী। ওই সময়ের সহিংসতা থেকে ছাত্র-জনতার পাশাপাশি ঘরে থাকা নারী ও শিশুরাও রক্ষা পায়নি বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে রিয়া হত্যার বিচার নিশ্চিত এবং বিচারের রায় কার্যকর করার দাবি জানান খোরশেদ।
উল্লেখ্য, জুলাই গণ-আন্দোলনের সময় নিজ বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়েছিল শিশু রিয়া গোপ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।





































