২৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৯, ২৫ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই দিনের কর্মসূচি সোনারগাঁ যুবদলের

প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই দিনের কর্মসূচি সোনারগাঁ যুবদলের

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে দুই দিনব্যাপী কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৭ ও ২৮ অক্টোবরের আয়োজন সফল করতে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা যুবদল।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের কার্যালয় সোনামিয়া ম্যানশনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নির্দেশনায় কর্মসূচির প্রস্তুতি চলছে বলে সভায় জানানো হয়।

নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপজেলা ও পৌরসভার তৃণমূল নেতা-কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছেন তাঁরা। সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে সংগঠনের ঐক্য ও সাংগঠনিক সক্ষমতা তুলে ধরতে চান। কর্মসূচিতে বিশেষ চমক থাকবে বলেও দাবি করেন তাঁরা। তবে চমকের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সোনারগাঁয়ে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলো এমনভাবে সাজিয়েছি, যা সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। সোনারগাঁ যুবদল এই প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন চমক উপহার দেবে।’

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদ বলেন, তৃণমূলের কর্মীরাই যুবদলের মূল প্রাণ। প্রতিটি কর্মসূচি সফল করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। দুই দিনের আয়োজনে উপজেলা ও পৌরসভার সব নেতা-কর্মীকে অংশ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন অর রশিদ মিঠু, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা, যুবদল নেতা করিম রহমান, রাকিব হাসান, সোহেল রানা, মাসুম বিল্লাহ, ইমরান ফারুক, খোকন সিকদার, বাবুল হোসেন, আরিফ হোসেন ও সোহাগসহ স্থানীয় নেতা-কর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়