বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে রিচ প্লাস নিটওয়্যারের শ্রমিকদের বিক্ষোভ
ফতুল্লার রিচ প্লাস নিটওয়্যার লিমিটেড কারখানা চালু এবং বকেয়া বেতনসহ যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রায় ৬০ জন শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শেষে একটি মিছিল চাষাঢ়া মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে শ্রমিকনেতারা জানান, পূজার ছুটি শেষে শনিবার সকালে কাজে গিয়ে শ্রমিকেরা কারখানা তালাবদ্ধ দেখতে পান। সেখানে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙানো ছিল। এতে কারখানার শতাধিক শ্রমিক অনিশ্চয়তায় পড়েছেন বলে দাবি করেন তাঁরা।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব বলেন, কারখানা বন্ধের আগে শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা করেনি মালিকপক্ষ। কারখানা কবে খুলবে কিংবা শ্রমিকদের পাওনা কবে ও কীভাবে পরিশোধ করা হবে, সে বিষয়েও স্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি।
তিনি বলেন, শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বেতন পাননি। অবিলম্বে কারখানা খুলে দিতে হবে। তা না হলে শ্রমিকদের আইনসংগত পাওনা পরিশোধের সময় জানাতে হবে। সংকট সমাধানে প্রশাসন ও বিকেএমইএর হস্তক্ষেপ দাবি করেন তিনি।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ অভিযোগ করেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই কারখানা বন্ধ করে নোটিশে এক মাস পর টাকা দেওয়ার কথা বলা হয়েছে। মালিকপক্ষের এ সিদ্ধান্তকে বেআইনি দাবি করে তিনি অবিলম্বে কারখানা চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আহ্বান জানান।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ বলেন, সেপ্টেম্বরের বেতন এবং অক্টোবরের কাজের মজুরি পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পূজা উপলক্ষে তিন দিনের ছুটি শেষে শনিবার কাজে এসে শ্রমিকেরা কারখানা বন্ধ পান।
তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন পরিচালনা করে। রিচ প্লাসের শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সংগঠন পাশে থাকবে।
সমাবেশে বন্ধ কারখানা চালু, শ্রমিকদের বকেয়া ও আইনানুগ পাওনা পরিশোধের পাশাপাশি জাতীয় পে-স্কেলের সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরি কাঠামো গঠনের দাবি জানানো হয়।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি হাসনাত কবীরের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের অন্য নেতারাও বক্তব্য দেন।





































