বিদ্যুৎ সংযোগের দাবিতে লিংক রোড অবরোধ মিতালী মার্কেটের ব্যবসায়ীদের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। রোববার (২৫ অক্টোবর) দুপুরে সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়ামুখী লেন প্রায় ৪৫ মিনিট বন্ধ রাখেন তাঁরা। এতে যানজটের সৃষ্টি হয়।
দুপুর ১২টার দিকে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে পৌঁছালে সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা সড়কে অবস্থান নেন। এতে চাষাঢ়ামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
পরে দুপুর সোয়া ১টার দিকে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ওই লেনে যান চলাচল স্বাভাবিক হয়।





































