বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে আনিসুল ইসলাম সানি
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
সোমবার (১৯ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব মানুষ সমান এবং সবার অধিকারও সমান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সানি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য তাঁরা পাশে আছেন। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তাঁর সঙ্গে জাসাস, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





































