সংখ্যালঘু বলে আলাদা কিছু নেই, আমরা সবাই এ দেশের মানুষ: মান্নান
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘সোনারগাঁয়ে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। এ দেশের প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করে। তাই আমাদের কাছে সংখ্যালঘু বলে আলাদা কিছু নেই, আমরা সবাই এ দেশেরই মানুষ।’
সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মান্নান বলেন, ‘সোনারগাঁয়ে এবার মোট ৩৮টি পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে যাতে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপিত হয়, সে বিষয়ে আমরা সতর্ক আছি। সরকারের অর্থায়নের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমার সাধ্যমতো প্রতিটি মণ্ডপে শাড়ি ও আর্থিক সহযোগিতা পৌঁছে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাবেক যুবদল নেতা হারুন রশীদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও পূজা কমিটির সদস্যরা।





































