পূজামণ্ডপ পরিদর্শনে আবুল কালাম, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের উকিলপাড়া, গলাচিপা, আমলাপাড়া ও নিতাইগঞ্জ এলাকার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা।
সাংবাদিক ও স্থানীয়দের উদ্দেশে আবুল কালাম বলেন, ‘নারায়ণগঞ্জ সম্প্রীতির শহর। আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। দুর্গাপূজা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘উৎসবের দিনগুলোতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমাদের নেতাকর্মীরা স্থানীয় প্রশাসন ও পূজা উদ্যাপন কমিটির পাশাপাশি সতর্ক পাহারায় থাকবে। আমরা চাই সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই আনন্দের সঙ্গে তাঁদের প্রধান ধর্মীয় উৎসব উদ্যাপন করুন।’
পূজা উদ্যাপন কমিটির নেতারা পরিদর্শন ও সহযোগিতার আশ্বাসের জন্য সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।





































