১৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১২, ১৯ অক্টোবর ২০২৬

ধর্মের ভিত্তিতে নাগরিকদের মধ্যে পার্থক্যের সুযোগ নেই: আল আমিন

ধর্মের ভিত্তিতে নাগরিকদের মধ্যে পার্থক্যের সুযোগ নেই: আল আমিন

প্রত্যেক নাগরিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। নারায়ণগঞ্জেও সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছেন। এ সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে নিতাইগঞ্জের শ্রী শ্রী বলদেব জিউর আখড়া সার্বজনীন পূজামণ্ডপে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বলদেব জিউর আখড়া মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল আমিন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ। নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। আমরা নারায়ণগঞ্জের যেকোনো কাজে কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় কাজ করি, শুধু ধর্মীয় ব্যাপার নয়। হিন্দু ধর্মের ভাই-বোনেরা আছেন, আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আপনাদের আত্মীয়-পরিজন ও সন্তানদের নিয়ে আনন্দের সঙ্গে কাটুক। আপনারা আনন্দ, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে এই উৎসব উদযাপন করুন, এটাই আমরা চাই।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে আশা করি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হওয়ার সুযোগ নেই। আমরা এটা হতে দেব না।”

নাগরিক অধিকার ও সাম্যের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, “বাংলাদেশের নাগরিক হিসেবে কে সনাতন ধর্মের, কে ইসলাম ধর্মের—এই পার্থক্য করার সুযোগ নেই। প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। এনসিপি সবসময় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে আছে। প্রশাসনের যারা আছেন, তাঁরাও যথেষ্ট দায়িত্বশীল এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে আছেন। আমরা আশা করি, একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।”

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর সরদার বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের মানুষ একসঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করেছেন। বাংলাদেশ কোনো একটি ধর্ম বা জাতিগোষ্ঠীর জন্য প্রতিষ্ঠিত হয়নি।

তিনি বলেন, “আমরা নারায়ণগঞ্জে সবসময় মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করেছি। কে কোন ধর্মের বা জাতের এই পার্থক্যের চেয়ে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করতে চাই।”

এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী বলেন, ছোটবেলা থেকেই তাঁরা অসাম্প্রদায়িক পরিবেশে বেড়ে উঠেছেন। তাঁদের প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের বড় একটি অংশ সনাতন ধর্মাবলম্বী। ছোটবেলা থেকেই বিভিন্ন উৎসবে তাঁরা আনন্দ ভাগাভাগি করেছেন।

তিনি বলেন, “সাধারণ মানুষের মধ্যে কোনো সাম্প্রদায়িক বিষবাষ্প নেই। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করতে পারবেন এবং রাষ্ট্র তাঁদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে।”

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার বিকেলে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন শহরের শ্রী রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ, চাষাঢ়ার মার্ক টাওয়ারস্থ শ্রী শ্রী গোপাল জিউর মন্দির, আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, উকিলপাড়া হোসিয়ারি সার্বজনীন পূজামণ্ডপ, নিতাইগঞ্জের শ্রী শ্রী বলদেব জিউর আখড়া, নিতাইগঞ্জ লক্ষ্মী মন্দির এবং সিদ্ধিরগঞ্জের শ্রী শ্রী রাম কানাই মন্দির পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্যসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা শাখার সদস্যসচিব সারফরাজ হক সজিব, মুখ্য সংগঠক নূরজামাল হাসানসহ এনসিপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।

সর্বশেষ

জনপ্রিয়