আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রোববার (৪ অক্টোবর) দুপুরে এসআরবি-১১-এর সিপিএসসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালায় এসআরবি-১১-এর একটি বিশেষ আভিযানিক দল।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান। পরে বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে পরিত্যক্ত জমিদার বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি-১১ জানায়, উদ্ধার করা পিস্তল ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।





































