প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের পানির বোতল দিল সদর উপজেলা প্রশাসন
প্লাস্টিক দূষণ কমানো এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন।
রোববার (৪ অক্টোবর) সকালে আলীরটেকে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় সদর উপজেলা প্রশাসন এ উদ্যোগ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু অবকাঠামোগত উদ্যোগ যথেষ্ট নয়। নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা ও অভ্যাস গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে অতিরিক্ত তাপমাত্রা, তাপপ্রবাহ ও বন্যাসহ বিভিন্ন ঝুঁকি শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমে প্রভাব ফেলছে। এ অবস্থায় শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য বোতল ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীরা নিয়মিত নিজেদের পানির বোতল ব্যবহার করলে বিদ্যালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতা তৈরি হবে। শিশুদের মাধ্যমে পরিবার ও সমাজেও পরিবেশবান্ধব আচরণ ছড়িয়ে পড়বে।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগ শিশুদের পরিবেশ সচেতন করে তুলবে এবং পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল সমাজ গঠনে ভূমিকা রাখবে।
সদর উপজেলা প্রশাসন জানায়, জলবায়ু-সহনশীল শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে বিদ্যালয় পর্যায়ে জলবায়ু ঝুঁকি মোকাবিলা, স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশবান্ধব কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বিতরণ করা হয়েছে।





































