২৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৯, ২৫ নভেম্বর ২০২৬

ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথাচাড়া দিতে পারবে না: এমপি মান্নান

ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথাচাড়া দিতে পারবে না: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দল আমরা সব সময় রাজপথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। আমরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর কখনো এ দেশে দখলদারিত্ব কায়েম করতে পারবে না।’

বুধবার (২৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে এ সভার আয়োজন করা হয়।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মান্নান বলেন, ‘আমি নতুন কোনো বক্তব্য দিতে আসিনি। বহুবার বলেছি, আপনারা মিলেমিশে চলুন, ঐক্যবদ্ধ থাকুন। কে কী বলল, তা নিয়ে জবাব দিতে গিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। আপনাদের মধ্যে ঐক্য থাকলে কোনো অপশক্তিই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।’

তিনি বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকতে হবে। একে অপরকে বাদ দিয়ে ব্যক্তিস্বার্থে রাজনীতি করলে বিরোধ ও সংঘাত তৈরি হবে। সবাইকে মিলেমিশে ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের কর্মকাণ্ড পরিচালনার পরামর্শ দেন তিনি।

মান্নান আরও বলেন, ‘যারা অতীতেও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এখনো রাজনীতিতে সক্রিয় আছেন, ছাত্রদল, যুবদলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা যদি মনে করেন, আমার পরামর্শ বা সহযোগিতা প্রয়োজন, তাহলে আমার কাছে আসবেন। আমি আপনাদের পরামর্শ দেব এবং প্রয়োজনীয় সহযোগিতা করব।’

আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জের নেতাকর্মীদের পাশে থাকার কথা জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম হালিম জুয়েল, সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়