আওয়ামী লীগকে পুনর্বাসন না করার আহ্বান জাতীয় যুবশক্তির
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও বোমাবাজির অভিযোগ তুলে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় যুবশক্তির মহানগর শাখা। সমাবেশে সংগঠনটির নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় ও পুনর্বাসন না করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলের আগে সমাবেশে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক রাইসুল ইসলাম রিফাত বলেন, “সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছিলেন ছয়-সাতটা ককটেল ফুটলে নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন অবনতি ঘটে না। এর এক সপ্তাহ পরেই আমরা দেখলাম গোপালগঞ্জে আওয়ামী লীগ কীভাবে মাথাচাড়া দিয়ে উঠল। সেখানে থানা ও সরকার দলীয় এমপির বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, বিএনপির অফিস ও রাস্তায় গাছ কেটে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়েছে।”
তিনি অভিযোগ করেন, সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে আওয়ামী লীগের হামলায় ফরিদপুর ও নড়াইলে বিএনপির তিন নেতাকর্মী নিহত হয়েছেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন না করার আহ্বান জানিয়ে রিফাত বলেন, “আমরা দেখতে পাই খাবারের টেবিলে বসে পতিত আওয়ামী লীগের সাথে আপস করে বিভিন্ন এলাকায় তাদের নেতাকর্মীদের নিজেদের দলে নেওয়া হচ্ছে। আপনারা এই আপস ও পুনর্বাসন করবেন না। তা না হলে গোপালগঞ্জে যা ঘটেছে নারায়ণগঞ্জেও তা ঘটতে বেশি সময় লাগবে না।”
তিনি আরও বলেন, “যারা বিদেশে পালিয়ে বসে হুংকার দিচ্ছে তাদের জানিয়ে দিতে চাই, আমরা যতদিন রাজপথে আছি নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত হতে দেব না। সরকারের প্রতি অনুরোধ, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ও পুনর্বাসিত আওয়ামী লীগ নেতাকর্মীদের তালিকা করে দ্রুত গ্রেপ্তার করুন।”
সমাবেশে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সদস্যসচিব জহিরুল ইসলাম অভিযোগ করেন, মামলা-বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগের অভিযুক্ত নেতাকর্মীদের নিরপরাধ প্রমাণের চেষ্টা চলছে।
তিনি বলেন, “মামলা-বাণিজ্য করে যারা আওয়ামী লীগের খুনিদের নিরপরাধ বানানোর প্রক্রিয়া চালাচ্ছে, তা বন্ধ করতে হবে। যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দলের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে পারেন না, তিনি কীভাবে দেশের জনগণের নিরাপত্তা দেবেন?”
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে জহিরুল ইসলাম বলেন, “আপনার পেছনে ফ্যাসিবাদ এবং সামনে স্বাধীনতা। আপনি কি আওয়ামী লীগের পুরনো সংবিধান আঁকড়ে ধরে থাকবেন, নাকি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ নিয়ে স্বাধীনতার পথে হাঁটবেন—তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।”
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ মহানগরের মুখ্য সংগঠক আদনান তাহসানের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহানগর সদস্যসচিব মাহবুবুর রহমান শান্ত, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম আল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





































