বিএনপি সরকারের নয় মাস: নারায়ণগঞ্জে বারবার হামলার মুখে পুলিশ-র্যাব
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত নয় মাসে নারায়ণগঞ্জে বারবার হামলার শিকার হয়েছেন পুলিশ ও র্যাব সদস্যরা। আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে এসব হামলার ঘটনা ঘটেছে। কোনো কোনো ঘটনায় পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে, আবার কোথাও পুলিশকে অবরুদ্ধ করে আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। সর্বশেষ ফতুল্লায় দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছেন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা।
গত মার্চ থেকে নভেম্বর পর্যন্ত পুলিশ ও র্যাব সদস্যদের ওপর অন্তত ১১টি হামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পুলিশের ওপর ১০টি এবং র্যাবের ওপর একটি হামলার ঘটনা রয়েছে। সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ফতুল্লায়।
গত মার্চের শুরুতে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের ওপর হামলা চালিয়ে তাঁর সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়। একই মাসের ১৫ তারিখে শহরের উকিলপাড়া রেললাইন এলাকায় দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে।
৩০ এপ্রিল দিবাগত রাতে বন্দরের পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার করে পুলিশ।
৫ মে রূপগঞ্জের চনপাড়া এলাকায় যুবদল নেতা শামীম মিয়াকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। একই দিনে নারায়ণগঞ্জের মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন র্যাব সদস্যরা।
পরদিন ৬ মে ফতুল্লার হাশেমবাগ এলাকায় পুলিশকে অবরুদ্ধ করে আটক পাঁচ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
২ জুলাই ফতুল্লার জামতলা ধোপাপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশ সদস্য ও তাঁদের সোর্স হামলার শিকার হন। এর দুই দিন পর ৪ জুলাই সোনারগাঁয়ের সাতভাইয়াপাড়া এলাকায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ ও সোর্সের ওপর হামলার ঘটনা ঘটে।
১৫ আগস্ট সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন পুলিশ সদস্যরা। একই দিনে ফতুল্লার ইসদাইর এলাকায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে।
সর্বশেষ রোববার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, একজন সহকারী উপপরিদর্শক ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গেলে তাঁদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে মারা যান কনস্টেবল আনোয়ার। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করা হয়েছে।
গত নয় মাসে ফতুল্লায় চারটি, নারায়ণগঞ্জ সদর ও শহর এলাকায় তিনটি এবং বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে একটি করে হামলার ঘটনা ঘটেছে।
এসব ঘটনার বেশির ভাগই ঘটেছে আসামি গ্রেপ্তার ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময়। অস্ত্র ও আসামি ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে পুলিশ সদস্য হত্যার ঘটনা—গত নয় মাসে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ধারাবাহিক এসব হামলা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলছে। একই সঙ্গে সামনে এসেছে দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনার বিষয়টি।





































