২২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৫, ২২ নভেম্বর ২০২৬

সবার কাছে দোয়া চাইলেন অসুস্থ ফটো সাংবাদিক কচি

সবার কাছে দোয়া চাইলেন অসুস্থ ফটো সাংবাদিক কচি

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। স্পাইনাল কর্ডের সমস্যায় আক্রান্ত হয়ে তাঁর দুই পা প্রায় অবশ হয়ে গেছে। বর্তমানে তিনি হাঁটাচলা করতে পারছেন না। সুস্থতার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নব্বইয়ের দশক থেকে ফটো সাংবাদিকতায় যুক্ত মাহমুদ হাসান কচি নারায়ণগঞ্জের সংবাদ অঙ্গনে পরিচিত মুখ। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গুরুত্বপূর্ণ ঘটনার সংবাদ সংগ্রহে ক্যামেরা হাতে মাঠে কাজ করেছেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ ফটো সাংবাদিক।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের সদস্য ও সংবাদকর্মীদের কল্যাণে ভূমিকা রেখেছেন তিনি। তাঁর হাত ধরে অনেকেই ফটো সাংবাদিকতা পেশায় যুক্ত হয়েছেন।

জানা যায়, করোনা মহামারির সময়ে ওপেন হার্ট সার্জারির মতো বড় অস্ত্রোপচার হয়েছিল তাঁর। পরে সুস্থ হয়ে আবারও পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। ২০২৫ সালে পবিত্র ওমরাহ পালন করেন তিনি। এরপর কিছুদিন সুস্থ থাকলেও পরবর্তী সময়ে স্পাইনাল কর্ডের সমস্যায় আক্রান্ত হন। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকতে হচ্ছে।

অসুস্থ অবস্থায় মহান আল্লাহর ওপর আস্থা রেখে মাহমুদ হাসান কচি বলেন, "ইয়া আল্লাহ, যতই পরীক্ষা দাও আমি জানি ইনশাআল্লাহ আমি পাশ করবোই। আমি জানি এটা আমার জীবনের আরও একটি পরীক্ষা মাত্র। এর আগেও বহু পরীক্ষা দিয়েছো, এরচেয়েও বড় পরীক্ষায় যখন আপনার রহমতে পাশ করেছি এবারও করবো। আপনার উপর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি নাদান, মুনাফেক, না ফরমান আর আপনি রহমাতুল্লিল আলামিন, মেহেরবান। আমি একমাত্র আপনার উপরই ভরসা করি। হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।"

এদিকে তাঁর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত সুস্থতা কামনা করেছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক ও নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

তিনি বলেন, "মাহমুদ হাসান কচি নারায়ণগঞ্জের সাংবাদিকতার একজন খুবই পরিচিত মুখ। ক্যামেরা হাতে তিনি ছুটে বেড়িয়েছেন জেলার প্রতিটি প্রান্ত সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আজ তিনি অসুস্থ হয়ে বিছানায়। এই কঠিন সময়ে তার পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব। আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করবো, আপনারা তার জন্য দোয়া করুন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।"

মাহমুদ হাসান কচি তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি অতীতের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়