বন্দরে ৭ কিলোমিটার সড়কে ৬০টির বেশি গতিরোধক, ব্যাহত জরুরি সেবা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভাঙাচোরা সড়ক ও অপরিকল্পিত গতিরোধকের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বন্দর ঘাট থেকে কলাগাছিয়া বাজার পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কে রয়েছে ৬০টিরও বেশি গতিরোধক। অথচ উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও আশপাশে কোনো গতিরোধক নেই।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কে কোথাও খানাখন্দ, কোথাও কাদাপানি, আবার কোথাও সড়কের ওপর বসানো হয়েছে ড্রেজারের পাইপ। এতে স্বাভাবিক যান চলাচলের পাশাপাশি ব্যাহত হচ্ছে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাসেবা।
সড়কের এসব প্রতিবন্ধকতা নিয়ে বিভিন্ন সময়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আপত্তি জানিয়েছেন বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান। তিনি জানান, এসব প্রতিবন্ধকতার কারণে জরুরি মুহূর্তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ভাঙাচোরা সড়কের কারণে থানা থেকে মদনপুর এলাকায় যেতে অনেক সময় এক ঘণ্টার বেশি লেগে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল পাওয়ার পরও তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয় না। এতে অপরাধী গ্রেপ্তারসহ পুলিশের জরুরি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পণ্যবাহী কাভার্ডভ্যানের চালক শাফিকুল জানান, সড়কের বেহাল অবস্থায় জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে। নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানোও সম্ভব হচ্ছে না।
ধামগড় এলাকার রিকশাচালক হাসান আলী জানান, ভাঙা রাস্তা, কাদাপানি ও অপরিকল্পিত গতিরোধকের কারণে ঠিকমতো যাত্রী পরিবহন করতে পারেন না। দৈনিক উপার্জনের বড় একটি অংশ গাড়ির গ্যারেজ ভাড়ায় চলে যায়।
বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান জানান, ভাঙা রাস্তা ও গতিরোধকের কারণে অনেক রোগী হাসপাতালে আসতে অনীহা প্রকাশ করেন। চিকিৎসকেরাও সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেন না। গুরুতর রোগীদের ঢাকায় স্থানান্তর করতেও অনেক সময় লেগে যায়।
অ্যাম্বুলেন্স চালক হাশেম কবির জানান, সংকটাপন্ন রোগী নিয়ে এসব সড়কে চলাচলের সময় অনেক ক্ষেত্রে রোগীর অবস্থার আরও অবনতি হয়। গাড়ির অতিরিক্ত ঝাঁকুনিতে রোগীদের কষ্ট বেড়ে যায়।
কলামিস্ট ফরিদ আহমেদ রবি মনে করেন, বন্দরের সড়ক যোগাযোগব্যবস্থার সংকটের অন্যতম কারণ সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও জবাবদিহির অভাব।
তাঁর অভিযোগ, সড়কের ওপর ড্রেজারের পাইপ স্থাপনে নিয়মনীতি মানা হচ্ছে না। উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পর্যাপ্ত তদারকিও নেই। রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চলছে।
তিনি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় সাইনবোর্ডসহ পরিকল্পিতভাবে গতিরোধক স্থাপন এবং সড়ক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।





































