প্রধান অতিথির চেয়ারে প্রধান শিক্ষিকাকে বসালেন আশা
নারায়ণগঞ্জের বন্দরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির জন্য নির্ধারিত চেয়ারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আছমা লাকিকে বসিয়েছেন স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। এ সময় ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান তিনি।
বুধবার (২৫ নভেম্বর) ৬০ নম্বর বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা।
অনুষ্ঠানের মঞ্চে প্রধান শিক্ষিকার জন্য চেয়ার বরাদ্দ না থাকায় নিজের চেয়ার ছেড়ে তাঁকে সেখানে বসান আশা।
এ সময় আবুল কাউসার আশা বলেন, মানুষকে সম্মান দিলে নিজের সম্মান কমে না, বরং বাড়ে। এ বিষয়ে সবার সচেতন হওয়া উচিত। যে প্রতিষ্ঠানে যার শ্রম সবচেয়ে বেশি, তাঁকে যথাযথ সম্মান দিতে হবে। এই বিদ্যালয়ের জন্য যাঁর অবদান ও পরিশ্রম সবচেয়ে বেশি, তাঁর প্রাপ্য সম্মান নিশ্চিত করা প্রয়োজন।





































