বিকেএমইএ ভবনের আঙিনায় সেঞ্চুরির শ্রমিকদের অবস্থান, পুলিশের সঙ্গে উত্তেজনা
বকেয়া পাওনা পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকরা। কর্মসূচির একপর্যায়ে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ের প্রধান ফটক পেরিয়ে ভবনের আঙিনায় ঢুকে পড়েন তাঁরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের উত্তেজনা দেখা দেয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শ্রমিকরা। কিছুক্ষণ পর নারায়ণগঞ্জ অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সেখানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তাঁর নেতৃত্বে একটি মিছিল শহীদ মিনার থেকে চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সামনে যায়।
মিছিলটি বিকেএমইএ ভবনের সামনে পৌঁছালে শ্রমিকরা প্রধান ফটক পেরিয়ে ভবনের আঙিনায় ঢুকে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মাহবুবুর রহমান ইসমাইলের আহ্বানে শ্রমিকরা ভবনের আঙিনায় অবস্থান নেন।
দুপুর ১টার দিকে শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। তিনি বলেন, “নারায়ণগঞ্জের শ্রমিকরা আইনশৃঙ্খলা মেনে শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে নিজেদের ন্যায্য দাবিতে আন্দোলন করছে। অথচ সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকদের ছয় মাস ধরে বকেয়া পাওনা আটকে রাখা হয়েছে। আজ-কাল করতে করতে ঘোরানো হচ্ছে। অনেক শ্রমিক ঘরভাড়া দিতে না পেরে বাড়ি ছাড়তে পারছেন না। বিকেএমইএ সভাপতি কথা দিয়ে সময় নিলেও সর্বশেষ নির্ধারিত তারিখ এক সপ্তাহ আগে পার হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “মালিক টাকা দিক বা না দিক, পাওনা পরিশোধের দায়িত্ব বিকেএমইএ সভাপতির। ধৈর্যেরও একটা সীমা আছে। বকেয়া পাওনার সব টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত শ্রমিকরা এখানে অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন। আমরা কোনো বিশৃঙ্খলা করব না; একটি ফুল গাছের ফুলও ছিঁড়ব না। শান্তিপূর্ণভাবেই অবস্থান করব।”
ন্যূনতম মজুরি প্রসঙ্গে তিনি বলেন, “মজুরি বোর্ডে আমরা শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করেছি। কম মজুরির প্রস্তাবের প্রতিবাদে আমরা মজুরি বোর্ডে লিখিত আপত্তিনামা দাখিল করব।”
বক্তব্য শেষে মাহবুবুর রহমান ইসমাইল জানান, ঢাকায় প্রেস ক্লাবে বৈঠক ও মজুরি বোর্ডসংক্রান্ত কাজে যাচ্ছেন তিনি। সন্ধ্যার মধ্যে নারায়ণগঞ্জে ফিরে আসবেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকরা বিকেএমইএ ভবনের আঙিনায় অবস্থান কর্মসূচি পালন করছিলেন।





































