২৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩১, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৩২, ২৫ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের

সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি যত বড় ক্ষমতাশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সেভেন মার্ডারের বড় বড় আসামিদেরও সাজা দিয়েছি। কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা করলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি আমরা আপনাদের পাশে আছি। প্রয়োজনে এ বিষয়ে পুলিশ সুপার ও থানার কর্মকর্তাদের সঙ্গেও কথা বলব। গভীর রাতে বুলডোজার দিয়ে একটি বাড়ি ভেঙে ফেলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের বিষয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা আপনাদের ক্ষতির পুরোপুরি ক্ষতিপূরণ দিতে না পারলেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে আপনাদের জন্য পাকা চার কক্ষের টিনশেড ঘর নির্মাণ করে দেব। এতে আপনাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করি।”

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে সিটি করপোরেশনের একজন প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে জায়গাটি পরিমাপ করবেন। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য ও সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, সদস্য শাহিন আহমেদ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়