২৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩২, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৩৩, ২৫ নভেম্বর ২০২৬

কদম রসুল সেতুর নির্মাণকাজ বন্ধের চক্রান্ত চলছে: বন্দর উন্নয়ন ফোরাম

কদম রসুল সেতুর নির্মাণকাজ বন্ধের চক্রান্ত চলছে: বন্দর উন্নয়ন ফোরাম

নারায়ণগঞ্জের বন্দরকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখতে একটি মাজারকে ব্যবহার করে কদম রসুল সেতুর নির্মাণকাজ বন্ধের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে বন্দর উন্নয়ন ফোরাম। একই সঙ্গে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সেতুর নির্মাণকাজ চলমান রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৫ নভেম্বর) বন্দর উন্নয়ন ফোরামের যুগ্ম আহ্বায়ক কাজী সাঈদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফোরামের আহ্বায়ক হাফেজ কবির হোসেন, সদস্যসচিব আব্দুল লতিফ রানা ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু এক যৌথ বিবৃতিতে বলেন, কদম রসুল সেতু নারায়ণগঞ্জ সদর ও বন্দরের লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ফসল। বন্দরের উন্নয়নে এবং সদর ও বন্দরের যোগাযোগব্যবস্থা সহজ করার লক্ষ্যে যুগ যুগ ধরে নারায়ণগঞ্জের সচেতন মহল শীতলক্ষ্যা নদীর ওপর দিয়ে শহরসংলগ্ন এলাকায় একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। কিন্তু একটি অসাধু চক্রের হীনস্বার্থে লক্ষ লক্ষ লোকের এই প্রাণের দাবি বাধাগ্রস্ত হয়েছে বারবার।

নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সদর ও বন্দরবাসীর স্বপ্ন পূরণের এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। তবে নির্মাণকাজ শুরুর আগেই একটি চক্র এখান দিয়ে সেতু নির্মাণ করতে দেওয়া হবে না বলে প্রকাশ্যে ঘোষণা দেয়। শহরের সচেতন মানুষের প্রতিবাদের মুখে চক্রটি গোপনে ষড়যন্ত্র শুরু করে বলে অভিযোগ করেন তাঁরা।

ফোরামের নেতৃবৃন্দ মনে করেন, মাজারকে কেন্দ্র করে সেতুর নির্মাণকাজ বন্ধের বর্তমান চেষ্টা ওই চক্রেরই চক্রান্তের অংশ।

বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, মাজারকে ব্যবহার করে কদম রসুল সেতুর নির্মাণকাজ বন্ধ করার চেষ্টা করা হলে নারায়ণগঞ্জ ও বন্দরের মানুষ তা প্রতিহত করবে। চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়াসহ তাদের বন্দরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

সেতুর নির্মাণকাজ চলমান রাখতে মাজার সরিয়ে নেওয়াসহ সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। অন্যথায় সদর ও বন্দরবাসী মাঠে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

নেতৃবৃন্দ আরও বলেন, বন্দর খেয়াঘাট দিয়ে পারাপার হওয়া লক্ষ লক্ষ যাত্রীর দুর্ভোগ ও প্রাণহানির ঝুঁকি কমাতে নির্মাণাধীন এই সেতু শুধু বন্দরবাসীর জন্য নয়, সমগ্র নারায়ণগঞ্জবাসীর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের পর বছর অপেক্ষার পর শুরু হওয়া এই সেতুর নির্মাণকাজ কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না।

সেতুর নির্মাণকাজ চলমান রাখতে কার্যকর, সুষ্ঠু ও সহজ সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে বন্দর উন্নয়ন ফোরাম।

সর্বশেষ

জনপ্রিয়