২৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২০, ২৫ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সোনারগাঁয়ে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের নয়াপুর বাজার এলাকায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

বুধবার (২৫ নভেম্বর) সকালে নয়াপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে নয়াপুর বাজার সম্মেলনের মাঠ থেকে কনফিডেন্স কারখানা পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের দাবি জানানো হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে নয়াপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কনফিডেন্স কারখানার সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াত নেতা ড. ইকবাল হোসেন ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউসার ও বাবুল মাস্টার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এশিয়ান হাইওয়ে সড়কের নয়াপুর বাজার অংশে নির্মাণাধীন আন্ডারপাসটি অত্যন্ত সরু, নিচু ও অপরিকল্পিত। এটি মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী নয়। এই আন্ডারপাস দিয়ে ভারী যানবাহনসহ রিকশা ও অটোরিকশা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এতে বাজারকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য স্থবির হওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগ বাড়বে।

বক্তারা অবিলম্বে নির্মাণাধীন আন্ডারপাসের নকশা পরিবর্তন করে সেখানে আধুনিক ও প্রশস্ত ফ্লাইওভার নির্মাণের দাবি জানান।

এলাকাবাসীর দাবি, জনস্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেবে। এতে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে।

সর্বশেষ

জনপ্রিয়