অন্যায়ভাবে কারও জায়গা দখল করতে দেওয়া হবে না: আবদুল জব্বার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার।
বুধবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্যায়ভাবে কারও জায়গা দখল করতে দেওয়া হবে না।
আবদুল জব্বার বলেন, “এইখানে যদি বিএনপি এর কোন নেতা জড়িত থাকে, বা অন্য কোন গ্রুপ জড়িত থাকে আমরা প্রশাসনসহ দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্যায়ভাবে কারও জায়গা দখল করতে আমরা দেব না, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, এ ঘটনা নিয়ে বিএনপির অনেক নেতার সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁরাও এ ঘটনাকে অন্যায় বলে মনে করেন এবং এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন।
আবদুল জব্বারের ভাষ্য, বিএনপির নেতারাও বিষয়টিতে সাড়া দিচ্ছেন। এতে বোঝা যাচ্ছে, একজন ব্যক্তি ছাড়া অন্যরা এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন।
জায়গার মালিকানা ও আইনি প্রক্রিয়ার বিষয়ে আবদুল জব্বার বলেন, “কেউ যদি এই জায়গা পান, তাহলে এটা লিগ্যালি (আইনগতভাবে) আসবে; এভাবে রাতের অন্ধকারে তো কেউ ভেঙে দিয়ে আসতে পারে না।”
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাড়ির নিরাপত্তা নিশ্চিত ও সহযোগিতার আহ্বান জানান।
এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমির কফিল আহম্মেদসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।





































