সেলিম ওসমানের উইজডমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স কারখানার শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। পরে মালিকপক্ষের বেতন পরিশোধের আশ্বাসে কাজে যোগ দেন তাঁরা। কর্মবিরতি চলাকালে আত্মগোপনে থাকা সেলিম ওসমান ভিডিও কলের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন কয়েকজন শ্রমিক।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে এ কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, কর্মবিরতি চলাকালে সেলিম ওসমান ভিডিও কলের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি ঠিকমতো কাজ না করলে কারখানা বন্ধ ঘোষণা করা হবে বলে জানান।
পরে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। এ আশ্বাসে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন।
তবে কর্মবিরতিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কারখানাটির মালিক এ কে এম সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ প্রেস নারায়ণগঞ্জকে বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। শ্রমিকেরা সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। তবে সন্ধ্যায় শ্রমিক ও মালিকপক্ষ একটি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে এক মাসের বেতন দেওয়া হবে এবং ১৫ তারিখে চলতি মাসের বেতন দেওয়ার কথা হয়েছে বলে জানতে পেরেছি। তবে এখনো কারখানার শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।”





































