শ্যামাপূজা উপলক্ষে ১৩ নারী শিল্পীর প্রদর্শনী ‘অনুরক্তি পর্ব–৫’ উদ্বোধন
নারায়ণগঞ্জে শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে দুই দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী ‘অনুরক্তি পর্ব–৫’ শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নিতাইগঞ্জে ২৮ আর কে দাস রোডের রণবন আর্ট স্পেসে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদের ৫৩তম শ্যামাপূজা উৎসব উপলক্ষে রণবন আর্ট স্পেস এ প্রদর্শনীর আয়োজন করেছে। নারীর শক্তি ও সৃজনশীলতাকে উপজীব্য করে সাজানো প্রদর্শনীতে ১৩ জন শিল্পীর কাজ স্থান পেয়েছে। প্রদর্শনীর কনিষ্ঠতম অংশগ্রহণকারী, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী চৈতী কর্মকার প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করে।
রণবন আর্ট স্পেসের প্রতিষ্ঠাতা জয় কে রায় চৌধুরী বলেন, “এই শ্যামাপূজাটি এবার ৫৩তম হচ্ছে। গত পাঁচ বছর ধরে আমরা পূজার পাশাপাশি শিল্পকর্ম প্রদর্শনী করার চেষ্টা করছি। এ বছর ১৩ জন চিত্রশিল্পী ও শিল্পমাধ্যম নিয়ে কাজ করা নারীদের আমরা উপস্থাপন করেছি। নারী মানেই বড় শক্তি; তাদের জীবনযাপনের যুদ্ধ, কর্মযুদ্ধ এবং ভাবনার প্রকাশ এখানে তুলে ধরা হয়েছে। কেউ মাটির সরার ওপর, কেউ এক্রিলিকে, কেউ সুতা ও মসলিনের বুননে, আবার কেউ বাংলার ঐতিহ্যবাহী টেপা পুতুল নিয়ে কাজ করেছেন। গ্যালারিতে গিয়ে প্রদর্শনী দেখার সুযোগ পান না এমন সাধারণ মানুষের জন্যও পূজামণ্ডপে এই চমৎকার আয়োজন এক অন্য মাত্রা যোগ করেছে। আট বছরের শিশু থেকে শুরু করে পঞ্চাশোর্ধ্ব নারী শিল্পী এবং প্রথমবারের মতো প্রদর্শনীতে অংশ নেওয়া গৃহিণী পূর্ণিমা রানীর মতো শিল্পীরাও এখানে যুক্ত হয়েছেন।”
নিজের শিল্পকর্ম নিয়ে ভিজুয়াল আর্টিস্ট নদী জুডিথ গমেজ বলেন, “আমি মসলিনের ওপর সুতার কাজ ও রঙের ব্যবহারে সমাজের অবহেলিত নারী, যেমন রাস্তা পরিষ্কারক ও গার্মেন্ট শ্রমিকদের তুলে ধরেছি। আমাদের এক্সিবিশনের থিম ছিল নারী শক্তি; সমাজে তাদের অবদানকে এই কাজের মাধ্যমে সম্মান জানাতে চেয়েছি।”
দ্বিতীপ্রিয়া রায় চৌধুরী বলেন, “ত্রিশূল যেমন শক্তির প্রতীক, তেমনি এসময়ের নারীর ক্ষেত্রে শক্তি হয়ে দাঁড়ায় তার শিক্ষা, প্রজ্ঞা ও আর্থিক সচ্ছলতা। নারীদের সেই অসীম সম্ভাবনা ও আত্মশক্তিকেই আর্টওয়ার্কের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের পরিবার গত ৫৩ বছর ধরে এই পূজার আয়োজন করে আসছে, যা আজ এক অনন্য উৎসবে রূপ নিয়েছে।”
প্রথমবারের মতো প্রদর্শনীতে অংশ নেওয়া পূর্ণিমা রানী কর্মকার বলেন, “ছোটবেলা থেকেই টুকটাক শখ ছিল। স্বামীর কাজ দেখে অভিজ্ঞতা বাড়িয়ে ঘরের কাজের ফাঁকে ফাঁকে মাটির এই টেপা পুতুলগুলো তৈরি করেছি। এই প্রদর্শনীতে অংশ নিতে পেরে এবং সবার এত উৎসাহ দেখে আমি ভীষণ আনন্দিত।”
নিজের তৈরি মাটির প্রতিমা নিয়ে চৈতী কর্মকার বলে, “আমার খুব ভালো লাগছে। আমি কারও সাহায্য ছাড়াই নিজে থেকে মাটি দিয়ে এই প্রতিমাগুলো দুই সপ্তাহ ধরে বানিয়েছি। বড় হয়ে আমার একজন বড় শিল্পী হওয়ার ইচ্ছা আছে।”
প্রদর্শনী দেখতে আসা শিশির চক্রবর্তী বলেন, “১৫-২০ বছর পর আমি এই পুজোয় আসলাম। পুজোর পাশাপাশি এই শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানটিকে একটি অনন্য মাত্রায় নিয়ে গেছে। বিশেষ করে একটি ছোট মেয়ের তার পরিবারসহ বিভিন্ন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণ আমাদের বাঙালি সংস্কৃতির সাথে এক সুন্দর মেলবন্ধন তৈরি করেছে।”
আয়োজকেরা জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।





































