রূপগঞ্জে পৃথক পাঁচ মামলায় পাঁচজনের কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক পাঁচটি মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।
মঙ্গলবার (১০ নভেম্বর) পৃথক মামলায় বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁদের এ সাজা দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কারাদণ্ডের পরোয়ানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. মানিক (৩৭) নামে এক ব্যক্তিকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ধারায় মো. শাকিল (২১) ও মো. রাসেল (৪০) নামে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া একই আইনের ৩৬(৫) ধারায় মো. আমির হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মো. মেহেদী হাসান (৩০) নামে অপর এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পৃথক পাঁচটি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাজা কার্যকর করতে নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়কের কাছে কারাদণ্ডের পরোয়ানা পাঠানো হয়েছে।





































