১০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩০, ১০ নভেম্বর ২০২৬

মাদ্রাসার আগুনে অসুস্থ ছাত্রের সংখ্যা ৮৮, চারজন আশঙ্কাজনক

মাদ্রাসার আগুনে অসুস্থ ছাত্রের সংখ্যা ৮৮, চারজন আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া নামে একটি আবাসিক মাদ্রসায় আগুনের ঘটনায় ৮৮ জন ছাত্র অসুস্থ হয়ে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসা দেওয়ার পর ছুটি দেওয়া হয়। এখনো ভর্তি আছেন ৩৫ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এ হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার বলেন, মাদ্রাসায় আগুনের ঘটনায় এ পর্যন্ত মোট ৮৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য এসেছেন। তাদের মধ্যে শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি বিবেচনায় ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র (ডিসচার্জ) দেওয়া হয়েছে। বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে।

“ভর্তি রোগীদের মধ্যে চারজনকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।”

আইসিইউতে থাকা চার শিক্ষার্থী হলেন: ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮) ও ইউসুফ (১৮)।

এর আগে রাত আনুমানিক পৌনে দুইটার দিকে ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, গভীর রাতে আবাসিক মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় পাঠাগার ও অফিস কক্ষে আগুন লাগে। সেখানে বই ও কাগজপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর পৌনে চারটার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা।

“মাদ্রাসাটিতে ১৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে, তাদের বেশিরভাগই আবাসিক। গভীর রাতে যখন আগুন লাগে তখন সবাই ঘুমে। আগুনে তৈরি ধোঁয়ায় তারা সাফোকেশনে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন।” 

আগুনের প্রাথমিক উৎস শর্ট সার্কিট বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে, তদন্তের পর নিশ্চিতভাবে কারণ জানা যাবে বলে জানান আরেফিন।

তবে, আবাসিক এই মাদ্রাসাটিতে অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না জানিয়ে কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “মাদ্রাসার কোথাও একটি অগ্নিনির্বাপণ যন্ত্রও দেখা যায়নি। নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। তবে, পাশেই পানির উৎস থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে তেমন বেগ পেতে হয়নি। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মাদ্রাসা কর্তৃপক্ষকে বলা হয়েছে। তারাও ইতিবাচক সাড়া দিয়েছেন।”

সর্বশেষ

জনপ্রিয়